পাবনার আতাইকুলায় জমি নিয়ে বিরোধে নারীকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ
পাবনা প্রতিনিধি:- পাবনার আতাইকুলা ইউনিয়নের কাকিলাখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শেলী খাতুন (৪৫) নামে এক নারীকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাকিলাখালী গ্রামের মৃত আব্দুর রহিম ডাক্তারের তিন মেয়ে ও এক ছেলে জীবিত রয়েছেন। তাঁর রেখে যাওয়া প্রায় ১৮ বিঘা জমি ছেলে ভোগদখল করছেন বলে জানা গেছে। এ নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শেলী খাতুনের অভিযোগ, গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে কয়েকজনের সহযোগিতায় অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর করেন এবং তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আতাইকুলা থানার তদন্ত ওসি ইন্সপেক্টর প্রদীপ কুমার বলেন, মুরগি নিয়ে একটি ঝামেলার সূত্র ধরে থানায় অভিযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। তবে জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।























