তাড়াইল উপজেলায় জাতীয় যুব দিবস পালিত
তাড়াইল উপজেলা প্রতিনিধি:- ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে তাড়াইল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান, তাড়াইল উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি ও যুবদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মানবসেবা যুব সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকার প্রশিক্ষিত যুবক-যুবতীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থানের জন্য ৩ জন সফল উদ্যোক্তার মাঝে মোট ২ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। ঋণপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন: জহিরুল ইসলাম (মৎস্য খামারি, সুরঙ্গল গ্রাম, রাউতি ইউনিয়ন) – ১ লাখ টাকা। মোজাহিদুল ইসলাম (পশুপালন খামারি, ভাদেরা গ্রাম, দিগদাইড় ইউনিয়ন) – ৮০ হাজার টাকা।
আনোয়ার হোসেন (ডেইরি ফার্মের মালিক, রাউতি গ্রাম, রাউতি ইউনিয়ন) – ৬০ হাজার টাকা। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ গ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির সনদপত্র বিতরণ করা হয়।









