কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের শাড়ি বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ শাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমির মাওলানা মো. কামারুজ্জামান, পৌর আমির ইউনুস আলী বাবু, পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নারায়ণ, সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়, মো. রকিব উদ্দীন, মাওলানা মো. আমজাদ হোসেন, সন্তোষ কুমার, নিরঞ্জন ঘোষ, মিঠুন ঘোষ ও রবীন্দ্রনাথ ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















