যুব-সমাজকে বাঁচাতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন
জামালপুর প্রতিনিধি:- মাদক,অনলাইন জুয়া, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসুচীর আয়োজন করা হয়।
এ সময় হেলেঞ্চাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাঘমারা ব্রীজপাড় এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় হেলেঞ্চাবাড়ী গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি আক্তারুজামান তারা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আব্দুর রাজ্জাক রিপন, উসমান গণি, আনোয়ার হোসেন, মোঃ বাবুল মিয়া, রুবেল মিয়া, ফজলুল হক, রাসেল মাহমুদ, সহকারী শিক্ষক আসাদুজ্জামান ও এনামুল হকসহ আরও অনেকেই। সার্বিক সহযোগিতায় হেলেঞ্চাবাড়ী গ্রাম উন্নয়ন সংগঠন।
বক্তারা বলেন, মাদক, জুয়া ও অপসংস্কৃতি দিন দিন সমাজকে গ্রাস করছে। হাতের নাগালেই পাওয়া যাচ্ছে জীবন ধ্বংসকারী মাদক। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের প্রভাবে সন্তানেরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। তারা আরও বলেন, “মাদক কোনো ফ্যাশন বা স্বস্তির উপায় নয়-এটি এক ধরনের চোরাবালি, যেখানে একবার পা দিলে ফিরে আসা কঠিন।” তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না, কারণ তারাই দেশের ভবিষ্যৎ ও মেরুদণ্ড। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ অঞ্চলে কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে বা নতুন করে মাদক ব্যবসা শুরু করলে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।



















