পঞ্চগড়ে বাড়িভাড়া ২১ হাজার টাকা পেলেও – অধ্যক্ষ রাত যাপন করেন স্কাউট রুমে
পঞ্চগড় প্রতিনিধি:- পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রশাসনিক ভবনের একটি কক্ষে নিয়মিত রাত কাটাচ্ছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। অথচ বাড়িভাড়া ভাতা হিসেবে প্রতি মাসে ২১ হাজার ২৬৯ টাকা পান তিনি। গত ২১ মে দায়িত্ব নেওয়ার পর থেকে ওই কক্ষে থাকছেন বলে নিজেই স্বীকার করেছেন অধ্যক্ষ। তাঁর দাবি, প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধে সেখানে অবস্থান করছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে প্রশাসনিক ভবনের চতুর্থ তলার ৪০৭ নম্বর কক্ষে তাঁর থাকার বিষয়টি জানা যায়। কক্ষটির বাইরে নেমপ্লেটে লেখা ‘স্কাউট রুম/রোভার ডেন’। ভেতরে একটি চৌকি, টেবিল, কেবিনেট ও কিছু পোশাক দেখা যায়।
প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক গেটম্যান মাহমুদুল রশিদ মামুন মূল ফটকের তালা খুলে দিলে অনুসন্ধানী দল ভেতরে প্রবেশ করে। পরে তাঁকে সঙ্গে নিয়ে ৪০৭ নম্বর কক্ষের সামনে গেলে দরজায় কড়া নাড়ার পর বেরিয়ে আসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল।
এ সময় অধ্যক্ষ স্বীকার করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ওই কক্ষে নিয়মিত থাকছেন। তবে এভাবে থাকার বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো নিয়ম বা অনুমতি রয়েছে কি না, জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি।
অধ্যক্ষের দাবি, প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধে তিনি সেখানে অবস্থান করছেন। তবে প্রতিষ্ঠানের মূল ফটক দিয়ে প্রবেশের পর ডান পাশের ভবনেই নৈশপ্রহরীর থাকার ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার দায়িত্বে নৈশপ্রহরী থাকার পরও প্রশাসনিক ভবনের কক্ষে অধ্যক্ষের নিয়মিত রাত্রিযাপন নিয়ে প্রশ্ন উঠেছে।
দেবীগঞ্জ ও বানিয়াচং হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল হবিগঞ্জের বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদানের পর তাঁকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সংযুক্তি দেওয়া হয়।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, ষষ্ঠ গ্রেডে পদায়নপ্রাপ্ত মোস্তফা কামালের বর্তমান মূল বেতন ৬০ হাজার ৭৭০ টাকা। এর ৩৫ শতাংশ হিসাবে মাসে তাঁর বাড়িভাড়া ভাতা ২১ হাজার ২৬৯ টাকা। সে হিসাবে বছরে এ খাতে তিনি পান ২ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা।
সরকারি চাকরিজীবীদের বাসাভাড়া বাবদ ব্যয় নির্বাহের জন্য বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে এই ভাতা পাওয়ার পরও অধ্যক্ষের নিয়মিত প্রশাসনিক ভবনে রাত কাটানোর বিষয়টি আলোচনায় এসেছে। ব্যক্তিগতভাবে বাড়িভাড়া বাবদ ব্যয় সাশ্রয়ের জন্যই তিনি সেখানে থাকছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে অধ্যক্ষের বক্তব্যে এমন কোনো কারণের উল্লেখ পাওয়া যায়নি।
এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার নাহিদ হাসান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। ওনার সাথে কথা হয়েছে। উনি দ্রুতই বাইরে বাসা ভাড়া নিবেন বলে জানিয়েছেন।




















