নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
মো: ফখর উদ্দিন, নোয়াখালী থেকে:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফয়সালকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন। নিহত ফয়সাল স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বসতবাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ফয়সাল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকলে তাকে বাঁচাতে তার মা দৌড়ে গিয়ে স্পর্শ করেন। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ফয়সালের মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।”















