গাইবান্ধার চরাঞ্চলে ৮,৫০০ পরিবারে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান
শামীম মিয়া, গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধার দরিদ্র চরাঞ্চলীয় পরিবারগুলোর জীবনযাত্রায় টেকসই পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে শুরু হয়েছে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প’। এই প্রকল্পের আওতায় জেলার চার ইউনিয়নের ৮ হাজার ৫০০ পরিবারকে এককালীন সর্বমোট ৬০ হাজার টাকা করে সম্পূর্ণ শর্তহীন আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক সংস্থা ‘গিভডিরেক্টলি’-এর সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এই ব্যতিক্রমী উদ্যোগটি বাস্তবায়ন করছে।
আজ রবিবার (৮ নভেম্বর) সকালে গাইবান্ধার জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবারকে দুই কিস্তিতে এই অর্থ সরাসরি প্রদান করা হবে। যার মধ্যে প্রথম কিস্তিতে চলতি নভেম্বর মাসে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বর মাসে বাকি ৫১ হাজার টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অর্থ ব্যবহারের স্বাধীনতার বিষয়ে এম. আবদুস্ সালাম জানান, এই অনুদান প্রদানের ক্ষেত্রে উপকারভোগীদের ওপর কোনো ধরনের শর্ত চাপানো হয়নি। পরিবারগুলো তাদের নিজস্ব অগ্রাধিকার ও প্রয়োজন ভিত্তিতে ঘরবাড়ি মেরামত, গবাদিপশু ক্রয়, ক্ষুদ্র ব্যবসার প্রসার, সন্তানদের শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে এই টাকা ব্যয় করতে পারবেন। কোনো শর্ত না থাকায় চরাঞ্চলের অবহেলিত ও প্রান্তিক মানুষগুলো সহজে তাদের আর্থ-সামাজিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন করতে সক্ষম হবেন।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিইউকে-এর পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলি’র অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।



















