মেহেরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, শিশু খাদ্য বিক্রিতে ৫০ হাজার টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি:- মেহেরপুরে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য বাজারজাত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে তাঁতিপাড়ার হৃদয় ট্রেডার্সে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্যসহ প্রয়োজনীয় তথ্যবিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই ও হালুয়া) বাজারজাত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় প্রতিষ্ঠানটিকে ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ এবং কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।




















