বগুড়ায় বেকারির মালিককে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
মোকামতলা, (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার বিসিক শিল্প নগরীতে অবস্থিত ‘শিমু বেকারি এন্ড কনফেকশনারি’ কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বগুড়া মহানগরের বিসিক শিল্প নগরীর ওই কারখানায় সামারি ট্রায়াল কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট (সদর) মো. মেহেদী হাসান।
আদালত ও অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারখানাটিতে তদারকিকালে খাদ্য উৎপাদনে একাধিক গুরুতর অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে।
এর মধ্যে রয়েছে—
লেবেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ফ্লেভারের ব্যবহার,অন্যান্য খাদ্য উপাদান লেবেল ও মেয়াদ ছাড়াই সংরক্ষণ ও ব্যবহার,ভাঙা, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও পিচ্ছিল মেঝেতে খাবার প্রস্তুত,ভাঙা ও ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারি পণ্য তৈরিপ্রস্তুতকৃত খাবার অস্বাস্থ্যকর অবস্থায় মেঝেতে রেখে মোড়কজাতকরণ,পোড়া তেলে খাদ্য তৈরি এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করা।
এসব অপরাধের দায়ে আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারা অনুযায়ী দণ্ড তফসিলে বর্ণিত ২৯ ধারায় মালিককে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান এবং নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের সাপোর্ট স্টাফ, এসআরবি-১২ এবং সদর থানা পুলিশের একটি দল সার্বিক সমন্বয় ও নিরাপত্তা সহায়তা দেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিগুড়ায় শিমু বেকারি এন্ড কনফেকশনারির মালিককে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড



















