মার্কিন ক্ষয়ক্ষতি লুকাতেই ইরানি ড্রোন নিয়ে মনগড়া তথ্য দিচ্ছেন ট্রাম্প: তেহরান
মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ড্রোন নিয়ে মনগড়া পরিসংখ্যান প্রকাশ করছেন বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের উপপার্লামেন্ট স্পিকার হামিদরেজা হাজিবাবায়ি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক সরঞ্জাম ধ্বংস করার পাশাপাশি বেশ কিছু ড্রোন ও চালকবিহীন সামরিক সরঞ্জাম অক্ষত অবস্থায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে হাজিবাবায়ি বলেন, ইরানি বাহিনী শুধু প্রতিপক্ষের উন্নত সামরিক সরঞ্জাম ভূপাতিতই করেনি, বরং সেগুলোর কয়েকটি অক্ষত অবস্থায় উদ্ধার করতেও সক্ষম হয়েছে। এসব সরঞ্জাম এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও দাবি করেন, ইরানের বাহিনী উন্নত প্রযুক্তির কিছু পানির নিচে ব্যবহৃত সামরিক সরঞ্জামও জব্দ করেছে। এসব সরঞ্জাম থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
হাজিবাবায়ির অভিযোগ, ইরানের ড্রোন সক্ষমতা এবং সামরিক অভিযান নিয়ে ট্রাম্প যে পরিসংখ্যান ও তথ্য তুলে ধরছেন, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করতেই ওয়াশিংটন এমন প্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
তবে ইরানের হাতে যুক্তরাষ্ট্রের কতটি ড্রোন বা চালকবিহীন সামরিক সরঞ্জাম রয়েছে, সেগুলো কী ধরনের এবং কোথায় উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি হাজিবাবায়ি। একইভাবে জব্দ করা পানির নিচের সামরিক সরঞ্জামগুলোর পরিচয় কিংবা সেগুলো থেকে কী ধরনের প্রযুক্তিগত সুবিধা পাওয়া যেতে পারে, তা-ও স্পষ্ট করেননি তিনি।
ইরানের এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্যও পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা



















