ফুলবাড়ীতে অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২১ নভেম্বর) রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৬২২ পিস, ফেন্সিডিল ১০ বোতল এবং বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ সিরাপ ১০৫০ বোতল জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩ লক্ষ ৪৮ হাজার ১শত টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।



















