একটু অপেক্ষা করি” ডেপুটি স্পীকারের কথায় স্তব্ধ সংসদ কক্ষ
শরীফ আহমেদ,ঢাকা:-আযানের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদের অধিবেশন প্রায় ৩ মিনিটের জন্য নীরব ছিল। ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের ধর্মবান্ধব এমন সিদ্ধান্তের পর থেকে সংসদে উপস্থিত থাকা সবার মুখে মুখে প্রসংশা চলছে।
চতুর্থ অধিবেশনে বুধবার মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন চলাকালে সরেজমিন এমন দৃশ্য দেখা যায়।
সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে সংসদের প্রশ্নোত্তর পর্ব চলছিল। ঠিক তখনই জাতীয় সংসদ মসজিদ থেকে এশার আযানের আওয়াজ আসে।
এসময় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিন্জ দাঁড়িয়ে স্পীকারকে বলেন, “মাননীয় স্পীকার, আযান হচ্ছে। আমি কি বলবো?”
সাথে সাথেই ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “তাহলে একটু অপেক্ষা করি।”
ডেপুটি স্পীকারের নির্দেশে পরবর্তী প্রায় ৩ মিনিট সংসদ কক্ষে নীরবতা বিরাজ করে। এসময় উপস্থিত সকল সংসদ সদস্য, মন্ত্রী ও কর্মকর্তারা নীরবে আযান শেষ হওয়ার অপেক্ষা করেন।
এসময় অধিবেশনে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী,স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ,চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ অধিকাংশ মন্ত্রী,প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য।
সংসদ অধিবেশন দেখতে আসা রাজধানীর ব্যবসায়ী শাহরিয়ার রহমত বলেন, “আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিক। ডেপুটি স্পীকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধর্মীয় অনুভূতির প্রতি এমন শ্রদ্ধা সবার মাঝে ছড়িয়ে পড়া উচিত।”
আযান শেষ হওয়ার পর ডেপুটি স্পীকারের অনুমতিক্রমে আবার যথারীতি সংসদের কার্যক্রম শুরু হয়।




















