সোনাতলায় সোলার স্থাপন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
রেজাউল করিম মানিক,সোনাতলা:- জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, বিদ্যুতের ব্যয় সাশ্রয় এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসারে বগুড়ার সোনাতলায় সকল সরকারি দপ্তরগুলোর ছাদে সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোলার সিস্টেম স্থাপন ও নেট মিটারিং পদ্ধতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (১১ই নভেম্বর) বিকেলে সোনাতলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। সভা সঞ্চালনা করেন সোনাতলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুল আহম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম (সদস্য সেবা) মোজাহিদুল ইসলাম।সভায় সরকারি অফিস সমূহের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পদ্ধতি, নেট মিটারিং ব্যবস্থার কার্যকারিতা,বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার এবং জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়,ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা পূরণে উৎপাদন ব্যবস্থাকে আরও দক্ষ, টেকসই ও বহুমুখী করা সময়ের দাবি।নবায়ন যোগ্য জ্বালানির প্রসারে বিভিন্ন নীতিমালা ও রুফটপ সোলার কর্মসূচি গ্রহণ করা হলেও বিনিয়োগ,অর্থায়ন ও প্রশাসনিক সমন্বয়ের সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের অবদান তুলনামূলক ভাবে কম।সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়ন যোগ্য জ্বালানি থেকে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সবুজ ও টেকসই জ্বালানি নির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া জ্বালানি আমদানি নির্ভরতা হ্রাস,বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও ভর্তুকি কমানো,জাতীয় গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করা, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং নবায়ন যোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।সভায় উপস্থাপিত তথ্যে জানানো হয়,গত ৫ই নভেম্বর দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ছিল ১৩ হাজার ৭৫৭ মেগাওয়াট। এর মধ্যে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত হয়েছে ৫৮৬ মেগাওয়াট, যা মোট উৎপাদনের প্রায় ৪ দশমিক ২৬ শতাংশ।
সোনাতলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহম্মদ বলেন,সরকারের নীতিমালা অনুযায়ী সরকারি দপ্তরগুলোতে রুফটপ সোলার প্যানেল স্থাপনে পল্লী বিদ্যুৎ অফিস সার্বিক সহযোগিতা প্রদান করবে। এ কার্যক্রম বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















