সৌদির আদালত ১০০ দোররা সাজা দিলো কেনিয়ার এক নারীকে
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়ার এক নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন সৌদি আরবের আদালত। একই সঙ্গে তাকে এক বছরের নির্বাসনের আদেশও দেওয়া হয়েছে। সন্তানকে নিয়ে এক বছরের বেশি সময় ধরে দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ৪০ বছর বয়সী ওই নারী।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত নারীর নাম এস্থার ওয়াঞ্জা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। সেখানে এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হন তিনি।
২০২৫ সালের আগস্টে সৌদি আরবের একটি কর্মী আবাসনকেন্দ্রে ছেলে সন্তানের জন্ম দেন মুথোনি। পরে বিষয়টি জানাজানি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে গর্ভধারণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে আটক করে। পুলিশের কাছে তিনি সন্তানের বাবা হিসেবে মোহামুদ নামের এক ব্যক্তির কথা জানান। তবে ওই ব্যক্তি এরই মধ্যে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।
আদালতের নথি অনুযায়ী, গত বছরের গ্রীষ্মে রাজধানী রিয়াদের একটি ফৌজদারি আদালতে তার মামলার বিচার শুরু হয়। একাধিক শুনানি শেষে গত বছরের অক্টোবরে তাকে দোষী সাব্যস্ত করেন তিন বিচারকের একটি প্যানেল। ইসলামি আইনের রক্ষণশীল ব্যাখ্যার ভিত্তিতে তাকে ১০০ দোররা মারার সাজা দেওয়া হয়। পাশাপাশি এক বছরের নির্বাসনের আদেশ দেওয়া হয়।
মুথোনির অভিযোগ, আদালতে তার জন্য দোভাষীর ব্যবস্থা থাকলেও কোনো আইনজীবী দেওয়া হয়নি। আর্থিকভাবে অসচ্ছল আসামিদের রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাওয়ার সুযোগ থাকলেও বাস্তবে সৌদি আরবে অনেক মামলায় আসামিরা আইনজীবীর সহায়তা পান না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সন্তান জন্মের পর মুথোনিকে কর্মীদের আবাসনকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। একটি আশ্রয়কেন্দ্রেও জায়গা পাননি তিনি। কেনিয়ার দূতাবাস থেকেও প্রয়োজনীয় সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত একটি গ্যাস স্টেশনে আশ্রয় নেন। সেখানে তার মতো আরও অনেক অভিবাসী মা সন্তানদের নিয়ে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন।
গত বছর নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সৌদি প্রতিষ্ঠান মাহারাহ হিউম্যান রিসোর্সেস মুথোনির থাকার ব্যবস্থা করে। একই সময়ে কেনিয়ার দূতাবাস তাকে সৌদি আরব ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র দেয়। তবে আইনি মামলা চলমান থাকায় দেশটি ছাড়তে পারেননি তিনি। এরই মধ্যে ওই কাগজপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে।
সাক্ষাৎকারে মুথোনি বলেন, ‘আমি ভীষণ ভয় পাচ্ছি। আমার মনে হয় না, আমি ওই দোররা মারা সহ্য করতে পারব।’ সাজা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অবিবাহিত অবস্থায় গর্ভধারণের বিষয়টি অনেক ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি করে। দেশটিতে অনেক অবিবাহিত মা সন্তান জন্ম দেওয়ার পরও শাস্তির মুখোমুখি হননি। তবে মুথোনির বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে, তা স্পষ্ট নয়। তার সন্তানের বাবার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন তথ্যও আদালতের নথিতে নেই।
শ্রম অভিবাসন বিশ্লেষক ও অলাভজনক সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভা এ সাজাকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। তার মতে, অসহায় নারী ও অভিবাসী মায়েদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে এ ধরনের শাস্তি তাদের আরও ঝুঁকির মধ্যে ফেলছে।
উল্লেখ্য, ২০২০ সালে সৌদি আরব সরকার দোররা মারার শাস্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে সীমিত করার ঘোষণা দিয়েছিল। তবে ইসলামি আইনে নির্ধারিত কিছু অপরাধের ক্ষেত্রে এ শাস্তি বহাল রাখা হয়। বিবাহবহির্ভূত যৌনসম্পর্কও এর অন্তর্ভুক্ত।
এদিকে মুথোনির ওপর কবে সাজা কার্যকর করা হবে, তা এখনো জানা যায়নি। এক বছরের নির্বাসনের আদেশ অনুযায়ী তাকে কেনিয়ায় ফেরত পাঠানো হবে, নাকি সৌদি আরবের অন্য কোনো শহরে পাঠানো হবে, সেটিও স্পষ্ট নয়। পাঁচ সন্তানের মা মুথোনি এখন সন্তান আবুদিকে নিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।



















