বাকৃবিতে “শীতকালীন সবজি চাষ কর্মসূচি ২০২৬-২৭” এর উদ্বোধনী অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)-এর আয়োজনে বাউএক অন্তর্ভুক্ত সমিতিগুলোর কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে “শীতকালীন সবজি চাষ কর্মসূচি-২০২৬-২৭”-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় বাউএক চাষি মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউএক এর সাবেক পরিচালক ও সহকারী প্রক্টর প্রফেসর ড. সোনিয়া সেহেলী ।
বাউএক-এর পরিচালক প্রফেসর ড. ইফ্ফাত তারা মাহ্জাবীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম। বাউএক সমিতিভূক্ত একজন কৃষক মুরাদ মিয়া সবজি চাষ নিয়ে তার অনুভূতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. সোনিয়া সেহেলী অত্র বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনটি কার্যক্রম- শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ এর মধ্যে অন্যতম অনুসঙ্গ ‘সম্প্রসারণ’ কার্যক্রম আরো বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।তিনি আরও বলেন যে এই কর্মসূচীর মাধ্যমে শুধুমাত্র অংশগ্রহণকারী কৃষক/ কৃষাণীই উপকৃত হবেননা বরং তাদেরকে দেখে আশেপাশের অন্যান্য কৃষকগণও উপকৃত হবেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার বাউএক-এর আওতাভুক্ত চাষি ও সমিতির সদস্য-সদস্যাদের শীতকালীন সবজি চাষে আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও মানসম্মত উৎপাদন বৃদ্ধির বিষয়ে চলমান কর্মসূচীর প্রসংশা করেন।তিনি এদেশের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তনের পেছনে কৃষক-কৃষাণীদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। কৃষির উন্নতিতে এদেশের কৃষি-গবেষকবৃন্দ শুরুর কাজগুলো সুচারুভাবে এগিয়ে নিলেও মুল কাজটা মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষক করে থাকেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের দায়িত্বশীল ব্যক্তিবর্গকেও বিশেষভাবে ধন্যবাদ জানান অত্র কর্মসূচীতে সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন যে দেশের কৃষি খাতের উন্নয়ন তথা দেশের উন্নতির জন্য আমাদের সমাজের প্রত্যেকেরই কিছু না কিছু দায়বদ্ধতা
আছে। সে দৃষ্টিকোণ থেকে আমাদের সকলকেই আরও অধিক দায়িত্বশীল হতে হবে। তিনি বাউএক এর চলমান কর্মসূচীর সফলতা কামনা করেন এবং উপস্থিত সমিতিভুক্ত কৃষক-কৃষাণীর মাঝে ব্রুকলি, বীজবিহীন লেবুর চারা, বিনা ১১- টমেটোর চারা ও গাজরের বীজ বিতরণ করেন।
উল্লেখ্য, দুইপর্বে দিনব্যাপী পরিচালিত উক্ত অনুষ্ঠানে বাউএক এর অন্তর্ভুক্ত বিভিন্ন সমিতির সর্বমোট ৭২ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।



















