টঙ্গীবাড়ীতে কবরস্থান সড়কে ঢালাই কাজের উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাইচাইল মাদ্রাসা-সংলগ্ন প্রধান সড়ক থেকে কাইচাইল কবরস্থান পর্যন্ত সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে ৬ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন আউটশাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোশাররফ হোসেন হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস কুদ্দুস বেপারী, আসাদুল জামান জুয়েল, রফিক হাওলাদার, চঞ্চল বেপারী, দিদার হোসেন, আব্দুল রাজ্জাক সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির দৈর্ঘ্য ২৪৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচল এবং কবরস্থানে যাতায়াতের ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় এর নির্মাণকাজ স্থানীয়দের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে কবরস্থানে যাতায়াতের সময় এলাকাবাসীকে যে ভোগান্তির মুখে পড়তে হয়, তা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি সড়কটি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নেও ভূমিকা রাখবে।
উন্নয়নমূলক এ কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জনসাধারণের চলাচলে স্বস্তি ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



















