ডেঙ্গু প্রতিরোধে কলারোয়া ইউএনও‘র পরিচ্ছন্নতা অভিযান
কলারোয়া প্রতিনিধি:- ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বাপ্পি কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, কলারোয়া পৌর প্রকৌশলী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম,ইঞ্জিনিয়ার রুহুল কুদ্দুস, কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, পল্লী দরিদ্র ফাউন্ডেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া পৌর শাখার সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন এবং টিম লিডার মোহাম্মদ রকিব উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম মোঃ এমরুল হোসেন,এমরান হোসেন, উপস্থিত নিয়ে কলারোয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য জমি ক্রয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পৌরসভার ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করা গেলে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি কলারোয়া পৌর এলাকার পরিবেশও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
















