গাজীপুরে ইবনেসিনা ফার্মাটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ন্যাচারাল মেডিসিন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে প্রতিষ্ঠানটির ওই বিভাগে আগুন লাগে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এর মধ্যে প্রথম ইউনিট বিকেল ৪টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি।
এদিকে, গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে কারখানাটি বন্ধ রয়েছে। তবে সেদিনের অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফ্যাক্টরি ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের সই করা এক নোটিশে কার্যক্রম বন্ধ রাখার এই তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কারখানার কার্যক্রম আবার শুরু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে গত বুধবার সকাল সোয়া ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানাটিতে আগুন লাগে। প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন ফায়ার স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়। মোট ২১টি ইউনিটের দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
















