সেনবাগে অনুমোদনহীন বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি ফারুক
মো: ফখর উদ্দিন, নোয়াখালী থেকে:
নোয়াখালীর সেনবাগে প্রশাসনের অনুমতি ছাড়া বৈশাখী মেলার আয়োজন ও বিদ্যুৎ অপচয়ের অভিযোগে একটি মেলা ভেঙে দিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
রবিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের নলুয়া এলাকায় আইযুব আলীর ব্রিকফিল্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই সেখানে ব্যাপক আলোকসজ্জা করে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের ছবি ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়।
বিষয়টি জানার পর সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মেলাটি ভেঙে দেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
এ বিষয়ে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, “আমি এলাকায় এসে অনুমোদনহীন মেলার বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছবি ব্যবহার করে তোরণ নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ অননুমোদিত। এছাড়া সরকার নির্ধারিত সময়ের বাইরে আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয় করা হচ্ছিল। তাই আমি নিজেই মেলাটি ভেঙে দিয়েছি।”
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, সংসদ সদস্যের ছবি ব্যবহার করে অনুমোদনহীনভাবে এই মেলার আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই সংসদ সদস্য নিজেই ঘটনাস্থলে গিয়ে মেলাটি বন্ধ করে দেন।
ঘটনার পর এলাকায় জনমনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের একটি বড় অংশ এমপির এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, অনুমতিহীন আয়োজন ও অনিয়মের বিরুদ্ধে এটি একটি ইতিবাচক উদ্যোগ। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ রোধে কার্যকর ভূমিকা রাখবে।









