সোনাতলায় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খাওয়ানোর কর্মসূচির মধ্য দিয়ে পালিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
রেজাউল করিম মানিক, সোনাতলা প্রতিনিধি:- “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খাওয়ানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে নভেম্বর ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সোনাতলার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী র্যালি শেষে উপজেলা পরিষদে অবস্থিত সবুজ সাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক।
এদিকে সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২১০ জন শিক্ষার্থীর মাঝে ডিম ও গাভির দুধ খাওয়ানো হয়। শিশুদের পুষ্টি,সুস্বাস্থ্য ও প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোস্তফা কামাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,যুবদলের সভাপতি আব্দুল হান্নানসহ বিভিন্ন এলাকার গ্রাম্য পশু চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীরা।
কর্মসূচিতে প্রাণিসম্পদ খাতের কার্যক্রম ও চিকিৎসা সেবার পরিধি তুলে ধরার পাশাপাশি মেডিকেল ক্যাম্প,উন্নত পশুচিকিৎসা এবং প্রাণিসম্পদ উন্নয়নে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করা হয়। এ সময় প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চিকিৎসা ও খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ উন্নয়নের পাশাপাশি শিশুদের পুষ্টি সচেতনতা ও প্রাণিজ খাদ্যের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।



















