‘বিলিয়নেরেরা’র তালে আবার মাতবে ঢাকা, সঙ্গে দেশীয় সংগীতের আয়োজন
রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার গানে চার বছর পর আবারও মাতবে ঢাকার মঞ্চ। ‘বিলিয়নেরা’খ্যাত এই গায়িকার এবারের সফরে থাকছে দেশীয় সংগীতের চমকও। তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড। ওটিলিয়ার এই প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। ঢাকায় পৌঁছানোর খবর নিজেই ভক্তদের জানিয়েছেন ওটিলিয়া। ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি জানান, নিরাপদে ঢাকায় পৌঁছেছেন এবং এখানে আসতে পেরে বেশ আনন্দিত। ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। পোস্টে ঢাকার অনুরাগীদের উদ্দেশ্যে ভালোবাসা জানিয়ে শিগগিরই দেখা হওয়ার আশ্বাসও দেন এই পপতারকা।
অন্যদিকে, এই কনসার্টে নিজের অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। তার সঙ্গে থাকছে তার ব্যান্ড। ফলে আন্তর্জাতিক পপসংগীতের জনপ্রিয় শিল্পী ওটিলিয়ার পরিবেশনার পাশাপাশি ফুয়াদ ও তার ব্যান্ডের পরিবেশনায় দেশীয় সংগীতের স্বাদও পাবেন দর্শক-শ্রোতারা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ইতোমধ্যে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন রোমানিয়ান এই পপতারকা। চার বছর পর আবারও তার প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।



















