স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফুলবাড়ীতে এনসিপ’র সংবাদ সম্মেলন
ফুলবাড়ী ( দিনাজপুর ) প্রতিনিধি:- স্থানীয় সরকার নির্বাচন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে এক সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)-এর সদস্য সচিব, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী দিনাজপুর-৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) ডা: মো: আব্দুল আহাদ।
সংবাদ সম্মেলনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাত এবং ফুলবাড়ী পৌরসভার মেয়র পদে যুগ্ম সমন্বয়ক শিহাব হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা: মো: আব্দুল আহাদ দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ-সহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা ও পৌর শাখার স্থানীয় নেতৃবৃন্দ।



















