ইরানিদের গায়ের জোরে দমানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
তিনি জানান, গত ২০০ বছরে ইরান কোনো দেশে আগে হামলা চালায়নি, অথচ এখন তেহরানকে আঞ্চলিক অস্থিরতার উৎস ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। নিজেদের রক্ষা করতে ইরান পূর্ণ শক্তিতে প্রতিরোধ গড়ে তুলেছে, তবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কখনো হামলা চালায়নি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈতনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইসরাইলিদের হাতে পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও তাদের কোনো পরিদর্শন বা জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে না; অথচ আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইরানের ওপর বোমাবর্ষণ করা হচ্ছে।
এ ছাড়া গাজায় ৭০ হাজারের বেশি মানুষকে নির্মমভাবে হত্যার পরও ইসরাইলকে ছাড় দেওয়া এবং ইরানের সাধারণ ও দরিদ্র মানুষের ওপর মার্কিন নিষেধাজ্ঞা চাপানোর তীব্র নিন্দা জানান তিনি।
ফিলিস্তিন সংকটকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের ক্ষত হিসেবে উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, গাজায় নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েও ফিলিস্তিনিদের প্রতিরোধের বিশ্বাস থামানো যায়নি। নিজ ভিটামাটি থেকে উচ্ছেদ হলে মানুষ আত্মরক্ষা করবেই এটিই মানব প্রকৃতি। আত্মরক্ষার এই মৌলিক অধিকারকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়া ঘোর অন্যায়।
ইরান সমমর্যাদার ভিত্তিতে আলোচনা ও কূটনীতির জন্য প্রস্তুত থাকলেও কোনো শক্তির ভাষা সহ্য করবে না বলে স্রেফ জানিয়েছেন পেজেশকিয়ান।




















