গাইবান্ধা পলাশপাড়ায় তার চুরির সিসিটিভির ফুটেজ প্রকাশ, চোর শনাক্তের দাবি এলাকাবাসীর
শামীম মিয়া, গাইবান্ধা প্রতিনিধি:- পলাশ পাড়ার ৪ নং ওয়ার্ডে এক বসতবাড়ি থেকে প্রায় ৮ থেকে ৯ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে এই চুরির ঘটনা ঘটে। ইতোমধ্যে চুরির ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে সুযোগ বুঝে এক চোর বাড়ির বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়। এতে পরিবারটির প্রায় ৮ থেকে ৯ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পরে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায় এবং জনসচেতনতার স্বার্থে ফুটেজটি প্রকাশ করা হয়।
এদিকে, এলাকায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দ্রুত এই চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আগামীতে এলাকার আরও অনেক বাড়িতে একই ধরনের চুরির ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী চোরকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


















