হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে খেলা প্রথম ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে তিন পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোচ থমাস ডুলি।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের একাদশে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।
আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ সুযোগ দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে আর্মব্যান্ড পরার চেয়ে ড্রেসিংরুমে সবার একতাবদ্ধ থাকা এবং পারিবারিক আবহ বজায় রাখাই তার কাছে সবচেয়ে বড় বিষয়।
এছাড়া ভুটানের বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। বিশ্বনাথ অবশ্য চোটের কারণে খেলছেন না।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, সমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।



















