বড় ছেলের পর মারা গেল ছোটটিও, ৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীর
ডেস্ক নিউজ :
অবশেষে বড় ভাইয়ের পথ ধরল ১০ মাসের মোহাম্মদ আবু বক্কর আরব। রোববার (৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে মা শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যায় সে। সে ডেঙ্গুর পাশাপাশি হাম উপসর্গেও ভুগছিল।
একই হাসপাতালে চার দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মোহাম্মদ কবীর। এর আগে গত ৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার ৯ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত।
হতভাগ্য বাবা মোহাম্মদ কবীর নগরীর হিলভিউ এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন।
জানা যায়, দুই সপ্তাহ ধরে কবির দুই ছেলেকে নিয়ে হাসপাতালে কেবল ছুটোছুটি করেছেন। আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেলে, পরে ইমপেরিয়াল হসপিটাল এবং শেষে মা শিশু হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু বাঁচেনি আরাফাত। শুক্রবার আরাফাত মারা যাওয়ার পর একই হাসপাতালে ভর্তি আরবকে বাঁচানোর জন্য আকুতি করেছিলেন সৃষ্টিকর্তা ও চিকিৎসকদের কাছে। আজ সেও চলে গেল।
চার হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না বড় ছেলেকে, আইসিইউতে ছোটটিও
দুই সন্তানের চিকিৎসার পেছনে নিজের সব সঞ্চয় শেষ করার পাশাপাশি স্বজন ও সহকর্মীদের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকার বেশি ঋণ নিয়েছিলেন কবীর। কিন্তু এত চেষ্টার পরও দুই সন্তানকেই বাঁচাতে পারলেন না তিনি।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পিআইসিইউ প্রধান অধ্যাপক ডা. দিদারুল আলম জানান, কোনো শিশু একই সঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হলে শরীরে একাধিক অঙ্গের কার্যকারিতা বন্ধ হয়ে চরম সংকট তৈরি হয়। শিশুটিকে বাঁচাতে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে রক্ষা করা যায়নি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জনই শিশু। এছাড়া গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে আরও ৫০ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। একই পরিবারের দুটি শিশুর এমন পরপর প্রাণহানির ঘটনা স্থানীয় স্বাস্থ্য খাতের সক্ষমতা ও শিশু সুরক্ষার সংকটকে আবারও বড় প্রশ্নের মুখে দাঁড় করালো।




















