গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি:- গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের একটি কার্টন ও সুতার গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিটের প্রায় পৌনে তিন ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই গোডাউনটিতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউনে কার্টন, সুতা এবং অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, আগুন যেন গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট কিংবা আশপাশের আবাসিক ও অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



















