লন্ডনে এনার্জি সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী
লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এনার্জিস সামিটে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বঙ্গোপসাগরে অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়েছে।
২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশের জ্বালানি চাহিদার প্রেক্ষাপটে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে সরকারের অঙ্গীকারের কথা জানান। তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬-এ অংশ নেওয়ার আহ্বান জানান।
বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর সমুদ্র ব্লক ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সামিটে ইনভেস্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন। তিনি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বিনিয়োগের ক্রমবর্ধমান গতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সহায়ক নীতির বিষয়ে আলোকপাত করেন।
উপস্থাপনায় বাংলাদেশের তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অফশোর সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্যের প্রাপ্যতা এবং অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-২০২৬-এর প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তগুলোও তুলে ধরা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদল আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে দেশের ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা করে চলমান বিডিং রাউন্ডে অংশ নেওয়ার জন্য সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানায়।
সামিটের প্রথম দিনে চারটি আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে চলমান অফশোর বিডিং রাউন্ডের সুযোগ-সুবিধা তুলে ধরে কোম্পানিগুলোকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। সামিটের দ্বিতীয় দিনে বিশ্বের আরও চারটি বৃহৎ জ্বালানি কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






















