এই বয়সে এখন আর বিয়ের তাগিদ অনুভব করি না: রাইমা সেন
মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি; মা মুনমুন সেনও নামি অভিনেত্রী। তাদের নাম উজ্জ্বল করেছেন রাইমা সেন। দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় তার অনন্য বিচরণ। বয়স চলছে ৪৭। কিন্তু এখনো বিয়েটা করেননি।
জীবনের এতটা সময় পেরিয়ে এখন আর বিয়ের তাগিদও অনুভব করেন না রাইমা। টম ক্রুজকে ভীষণ পছন্দ করেন তিনি। তবে কি টমকে পেলেন না বলেই একা রয়ে গেলেন? কলকাতার গণমাধ্যম এই সময়ের সাক্ষাৎকারে এরকম প্রশ্নের জবাবে রাইমা বলেন, ‘আমার বোনও এটা নিয়ে মজা করে। কলকাতায় তেমন কেউ নেই। আর আমি শহরের বাইরে খুব একটা যাই না। সত্যি কথা বলতে কী, এই বয়সে এসে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়। মেয়ের বিয়ে না করা নিয়ে মায়ের (মুনমুন সেন) চিন্তা হয় না? রাইমার জবাব, ‘আগে করতেন। এখন দেশ-দুনিয়ার অবস্থা দেখে উল্টো বিয়ে করতে বারণ করেন। বলেন, জোর করে কিছু কোরো না। পরে কখনও একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।
তাহলে কি মা হতে চান রাইমা? অভিনেত্রীর সাবলীল জবাব এরকম, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’
রাইমাকে সামনে দেখা যাবে ‘দ্য একেন : কেরালা-এ কুরুক্ষেত্র’ সিনেমায়। জয়দীপ মুখোপাধ্যায়ের এই সিনেমা মুক্তি পাবে ১৫ অক্টোবর। এর নাম ভূমিকায় আছেন অনির্বাণ চক্রবর্তী।






















