স্ত্রীকে রেখে তরুণীকে নিয়ে মন্দিরে গোবিন্দ, বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে গণেশ দর্শনে গিয়ে ফের আলোচনায় বলিউড অভিনেতা গোবিন্দ। এবার তার সঙ্গে ছিলেন নবাগত অভিনেত্রী কোমল রানী স্বর্ণকার। স্ত্রী সুনীতা আহুজাকে ছাড়াই কোমলের হাত ধরে মণ্ডপে উপস্থিত হওয়ায় নতুন করে ছড়িয়েছে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালবাগচা রাজা মণ্ডপে গোবিন্দ ও কোমলকে একসঙ্গে দেখা যায়। সাদা কুর্তা-পায়জামায় ছিলেন অভিনেতা। অন্যদিকে কোমলের পরনে ছিল লাল-হলুদ রঙের ঐতিহ্যবাহী শাড়ি। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে গোবিন্দ ‘গণপতি বাপ্পা মোরিয়া’ স্লোগান দেন। পাশে থাকা কোমলও হাত নেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
তবে তাদের এই উপস্থিতির বিষয়টি আরও আলোচনায় আসে অন্য একটি কারণে। গোবিন্দ মণ্ডপে যাওয়ার কিছুক্ষণ আগেই সেখানে একা গিয়ে পূজা দিয়ে বেরিয়ে যান তার স্ত্রী সুনীতা আহুজা। ফলে দুজনের আলাদা সময়ে একই স্থানে উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। কিছুদিন ধরেই গোবিন্দ ও কোমলের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে নানা আলোচনা চলছে। গত আগস্টে মুম্বাই বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি গোবিন্দ বা কোমল কেউই প্রকাশ্যে স্বীকার করেননি।
এর মধ্যে সুনীতার কিছু মন্তব্যও বিতর্ক বাড়িয়েছে। তিনি গোবিন্দকে ইঙ্গিত করে বলেছেন, অভিনেতা নাকি ‘মেয়ের বয়সী’ এক নারীর সঙ্গে ঘোরাফেরা করছেন। এমনকি তাকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেন তিনি। রাখী সাওয়ান্তের সঙ্গে কথোপকথনে সুনীতা দাবি করেন, গোবিন্দ ও কোমল বিয়ের পরিকল্পনাও করছেন। তবে গোবিন্দের ম্যানেজার শশী সিনহা এই দাবি নাকচ করে দিয়েছেন। তার বক্তব্য, দ্বিতীয় বিয়ের কোনো প্রশ্নই নেই। এদিকে ভুয়া খবর, মানহানিকর কনটেন্ট ও ডিপফেক ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন গোবিন্দ।
১৯৮৭ সালে সুনীতা আহুজাকে বিয়ে করেন গোবিন্দ। ২০২৫ সালে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও পরবর্তীতে তারা একসঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করেন। ২০২৬ সালে সুনীতা তার বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন বলেও জানা গেছে।
















