সোনাতলায় ডেঙ্গুতে আক্রান্ত ২১, শীতে বাড়ছে হাঁপানি ও শ্বাসকষ্টের ভোগান্তি
রেজাউল করিম মানিক,সোনাতলা:-বগুড়ার সোনাতলা উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি নভেম্বরের প্রথম ২৭ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন,আর বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ জন।
হাসপাতাল সূত্র জানায়,১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেংগু রোগে আক্রান্তদের অধিকাংশই স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।ডেঙ্গু রোগীদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক আইসোলেশন ওয়ার্ড ও শয্যার ব্যবস্থা রয়েছে। সরেজমিনে জানা গেছে,হাসপাতালের একজন চিকিৎসকও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।ডেঙ্গুর পাশাপাশি শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে হাঁপানি,শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। ঠান্ডা বাতাস,ধুলাবালি,ধোঁয়া ও আবহাওয়ার পরিবর্তন হাঁপানি রোগীদের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
আক্রান্তদের কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন, আবার কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।চিকিৎসকদের মতে,ডেঙ্গুবাহী এডিস মশা সাধারণত দিনে,বিশেষ করে সকাল ও বিকেলে বেশি সক্রিয় থাকে। তাই শুধু রাতে নয়, দিনেও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে।বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি,ফুলের টব,পরিত্যক্ত পাত্র,ড্রাম ও অন্যান্য আধার নিয়মিত পরিষ্কার করতে হবে।সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল রেজোয়ান শাথীল বলেন,নভেম্বর মাসে ২১জন ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। হাঁপানি রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।



















