কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
কলারোয়া প্রতিনিধি:- সাতক্ষীরার কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। রবিবার( ১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি কলারোয়া পৌরসদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পৌরসদরের ঝিকরা হরিতলা পূজামণ্ডপ, পালবাড়ী পূজামণ্ডপ, তুলসীডাঙ্গার দুটি পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দুর্গাপূজা উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মণ্ডপ কমিটির সদস্যদেরও সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিরাপত্তা জোরদারে প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের কলারোয়া উপজেলা শাখার সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির সদস্যরা।
পুলিশ সুপারের এ পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।


















